কৃষকের ৫ শতাধিক ফুলকপির গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৯:৪১

রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে এক কৃষকের ফুলকপি বাগানের পাঁচ শতাধিক গাছ কেটে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে কৃষক আব্দুল কাদেরের জমিতে লাগানো প্রায় ৫ শতাধিক ফুলকপির গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কাটা অবস্থায় কপির গাছগুলো দেখতে পান কৃষক।

স্থানীয়দের ভাষ্য, আব্দুল কাদের একজন পরিশ্রমী কৃষক। অল্প জমিতে ফসল ফলিয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন তিনি। কিন্তু এভাবে কপির গাছ কেটে দেওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কৃষক আব্দুল কাদের বলেন, এই ফুল কপিগুলোই ছিল আমার সংসারের ভরসা। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি বিচার চাই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএস