জুবায়েদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২০:০৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হাসানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারমাইকেল কলেজ ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কলেজের জিএল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে পৌঁছায়। সমাবেশে বক্তব্য রাখেন— কারমাইকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফ, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আহমেদ মীম, সদস্য এবিএম ফাইজুন নবীসহ অন্যান্য নেতারা।

সভায় শিক্ষার্থীরা বলেন, ঢাকায় ছুরিকাঘাত করে মেধাবী ছাত্র জুবায়েদকে হত্যা করা হয়েছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিক্ষার্থীরা আরও জানান, জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র হত্যা মামলার দ্রুত বিচার ও আসামী গ্রেফতারে সরকারের ব্যাপক উদাসীনতা দেখা গেছে—যার ফলে ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি তারা জানান।

সমাবেশে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে আর কোনো ছাত্রকে দুর্বৃত্তের হাতে প্রাণ দিতে না হয় তার জন্য আইনের শাসন কঠোরভাবে কার্যকর করা হোক এবং হত্যাকাণ্ডের স্বাধীন, দ্রুত ও ন্যায্য বিচার নিশ্চিত করা হোক।

ইত্তেফাক/এএইচপি