রোনালদোকে ছাড়াই ভারতে আসলো আল নাসর, চরম হতাশ সমর্থকরা

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৩:৪১

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার মুখোমুখি হবে সৌদি আরবের ক্লাব আল নাসর। বুধবার (২২ অক্টোবর) মাঠে নামবে এই দুই দল। এই ম্যাচকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) রাতেই ভারতে চলে এসেছে আল নাসর দল। তবে ভারত সফরে নেই দলটির মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

সৌদি আরবের গণমাধ্যমের প্রতিবেদনে আগেই জানা গিয়েছিল, গোয়া ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এ কথা না জানানোয় আশা করে ছিলেন ভারতের রোনালদো ভক্তরা। এমনকি গোয়ার তরফে বহুবার আল নাসরকে অনুরোধ করা হয়েছিল যাতে রোনালদো ম্যাচটি খেলেন। তবে সেই অনুরোধ রাখা হয়নি।

এখনও পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ ২-এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসর। তবে এর একটিতেও খেলেননি রোনালদো। আল নাসরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনালদো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না। 

রোনালদো না আসায় রতে ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। বিশেষ করে গোয়ায়, যেখানে তার আগমন নিয়ে গত কয়েক দিন ধরেই ছিল তুমুল আলোচনা ও উৎসাহ। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছিলেন রোনালদোর আগমন ঘিরে স্থানীয়দের উন্মাদনার কথা।

তিনি বলেছিলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদোর গোয়া সফরের সম্ভাবনার খবর গোয়া নয়, পুরো ভারতজুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। তার গোয়া সফর আমাদের রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত হতো।” 

রোনালদো ভারতে আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত রোনালদো না আসায় চরম হতাশ হতে হলো ভারতের ফুটবলভক্তদের। গোয়া এফসির কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, ভারতে সরকারি অতিথির মতোই দেখা হবে আল নাসর দলকে। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে সরকারের তরফে খেয়াল রাখা হবে।

ইত্তেফাক/জেডএইচ