চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পটিয়া সদরের বিওসি রোডে 'নুরজাহান অ্যান্ড বিরিয়ানী হাউস'-এর সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার বাসিন্দা আবু সৈয়দের ছেলে সাইদুল ইসলাম ফয়সাল (২৫) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকার মৃত ওজিউল্লাহর ছেলে মো. সালাউদ্দীন (৩৬)।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা অস্ত্রটি অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করছিল।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, এ ঘটনায় পটিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
