জনসভায় বিএনপি নেত্রীকে অশালীন সম্বোধন, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৪:২০

কু‌ষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠন‌টির মহাসচিব আহসান হাবিব (লিংকন)।

এ বক্তব্যর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে ভেড়ামারা শহরে প্রধান প্রধান সড়কে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। ভেড়ামারা শহরের চেয়ারম্যান মোড়ে (ক্লীক মোড়) জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বি‌কে‌লে উপজেলার আমলা ইউনিয়‌নের আমলা বাজা‌রে জনসভার আয়োজন ক‌রেন জাতীয় পা‌র্টির (কাজী জাফর) স্থানীয় নেতা-কর্মীরা। আমলা ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছি‌লেন সংগঠন‌টির মহাস‌চিব আহসান হাবিব। সেখানে তিনি বক্তব্য দেন।

ওই বক্তব্যের ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়‌েছে। ওই ভিডিওতে দেখা গেছে, আহসান হাবিব কেন্দ্রীয় বিএন‌পির নেত্রী‌ ফরিদা ইয়াসমিনের নাম ধ‌রে ব্যক্তিগত আক্রমণ ক‌রেন। তি‌নি বলেন, ‘মাদারগা‌ছে বে‌শি ঘষ‌বেন না। আপ‌নি তা‌রেক রহমা‌নের কা‌ছে সেলিমা রহমানের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি নাকি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি।’ এ সময় ফ‌রিদা ইয়াসমিন‌কে অশালীন ভাষায় স‌ম্বোধন ক‌রে আহসান হাবিব ব‌লেন, ‘আমি য‌দি ভোট বি‌ক্রি ক‌রে দিই, তাহ‌লে সর্বোচ্চ ভোট পেলাম কীভাবে?’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনীতির ভাষা হতে পারে না, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে ওই বক্তব্যের ভিডিও পাঠিয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।

এদি‌কে অশালীন স‌ম্বোধ‌নের প্রতিবাদ জা‌নি‌য়ে মঙ্গলবার রা‌তে ভেড়ামারা শহ‌রে মোটরসাইকেল নি‌য়ে ঝাড়ুমি‌ছিল ক‌রে‌ছেন ফ‌রিদা ইয়াস‌মি‌নের সমর্থকেরা। তারা আহসান হা‌বিবের অফিস ও বা‌ড়ির সাম‌নে গি‌য়ে বি‌ভিন্ন স্লোগান দেন। এর পরেই তার বা‌ড়ির সাম‌নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার ক‌রতে দেখা যায়।

এ বক্তব্যের জেরে ভেড়ামারা শহরের চেয়ারম্যান মোড়ে (ক্লীক মোড়) জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত  

এদিকে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আহসান হাবীব লিংকন ওই বক্তব্যের জেরে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, বিভিন্ন কারণে মন মানসিকতা ঠিক না থাকায় মিরপুরের আমলা বাজারের জনসভায় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমিন সম্পর্কে কটূক্তি ও অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।  আমি ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করছি।

আহসান হাবিব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া জেলার সভাপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির হয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে ২০ দলীয় জোটের শরিক কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আস‌নে ২০–দলীয় জোট প্রার্থী হি‌সে‌বে ধানের শীষ প্রতীক নি‌য়ে নির্বাচন ক‌রেন আহসান হাবিব। এবারও তি‌নি জোট থেকে ম‌নোনয়নপ্রত্যাশী।

অন্যদিকে ফরিদা ইয়াসমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম নেতা ও তিন দফায় ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও একই আসন থে‌কে বিএন‌পির মনোনয়নপ্রত্যাশী। তাদের দুজ‌নের বা‌ড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। 

ইত্তেফাক/এপি