নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

বগুড়ার নন্দীগ্রামে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে, উপজেলার সিমলা-পন্ডিতপুকুর আঞ্চলিক সড়কের থালতা পাড়া এলাকায়।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া চালকের নাম আব্দুল করিম (৪০)। তিনি শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বর্তমানে তিনি নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চালক করিমের আত্মীয় বাদশা মিয়া জানান, মঙ্গলবার বিকেলে করিম তার ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন রাতে ও সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি, নন্দীগ্রামের পন্ডিতপুকুর এলাকায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ছবি দেখে করিমকে শনাক্ত করি এবং হাসপাতালে গিয়ে তাকে নিশ্চিত করি।

তিনি আরও জানান, করিম মাঝে মাঝে জ্ঞান ফিরে পেলেও আবার অচেতন হয়ে পড়ছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জ্ঞান ফেরার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে।

ইত্তেফাক/এএইচপি