পাবনার ফরিদপুর উপজেলায় গত বছর ঈদুল ফিতরের নামাজে ঈদগাহ মাঠে সামনে চেয়ার নিয়ে বসা নিয়ে মধ্য পুংগলী গ্রামের হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
সেই পুরোনো বিরোধের জেরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ঈদুল ফিতরের নামাজে ঈদগাহ মাঠে সামনে চেয়ার নিয়ে বসা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
