রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র্যাব-২ এর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে সেনাবাহিনী ও র্যাব-২ যৌথভাবে জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ইটালিতে তৈরি একটি পিস্তল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লাহ সালমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) ও মো. সোহেল (২৮)। এর মধ্যে মো. সোহেল ‘বুনিয়া সোহেল বাহিনী’র ম্যানেজার হিসেবে পরিচিত।
সাম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্পে স্থানীয় তিনটি কুখ্যাত গ্যাং—চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল—এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এরপর ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে নিহত হয়। এ নিয়ে গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষে মোট আটজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, 'মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায়ও মোহাম্মদপুর থানা পুলিশ অভিযানে প্রায় ২০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলবে।'

