চেয়ারম্যানের ছেলেসহ ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৭:৩১

নাটোরের লালপুরে দূড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের ছেলেসহ বিকাশ, নগদ, ইমো হ্যাক করে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মণ্ডলের ছেলে আ. আল বায়েজিদ (২০)।

এসময় তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মোবাইলে প্রতারণা এবং হ্যাকিংয়ের  বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’ 

তিনি আরও বলেন, ‘হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতারণা এবং হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন।’ 

ইত্তেফাক/এনটিএম