মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশ বৈঠকে বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেনের সঙ্গে শিউলি খাতুন নামে এক নারীর বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসায় শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন বাদশা।
পরে স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস বলেন, একজন ব্যক্তির মাথা এবং মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমান মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সালিশ নিয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
