সরকারি চাকরির প্রস্তুতি

বাংলায় ভালো করতে এই বিষয়গুলো অনুসরণ করুন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৮:২১

সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকেই বাংলাকে কিছুটা কম গুরুত্ব দেন। ইংরেজি ও গণিতের তুলনায় সময় কম দেওয়া হয় এতে। এতে করে ফলাফলে বড় ফারাক তৈরি হয়। দেশের প্রায় সব সরকারি চাকরির পরীক্ষাতেই-বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষকতা, এনটিআরসি, বিভিন্ন কমিশন বা সংস্থার নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে নির্দিষ্ট নম্বর থাকে। 

এই অংশে প্রশ্ন আসে ব্যাকরণ, সাহিত্য, শব্দচয়ন, বিশ্লেষণমূলক অনুচ্ছেদ, এমনকি যুক্তিনির্ভর অনুধাবন থেকেও। নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো-যা বাংলা প্রস্তুতিকে আরও কার্যকর করে তুলবে:

প্রতিদিনের রুটিনে বাংলা পড়ার সময় বরাদ্দ রাখুন 

এমন নয় যে বিষয়ভিত্তিক পড়া বা গাইড বই অনুসরণ করতে হবে প্রতিদিন। বাংলায় দক্ষতা বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো নিয়মিত পড়া। প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় দিন বাংলা সংবাদপত্র, সাহিত্যিক প্রবন্ধ বা সমসাময়িক লেখা পড়ায়। এতে শুধু শব্দভান্ডারই বাড়বে না, চিন্তা-প্রকাশ ও বাক্যগঠনেও পারদর্শিতা আসবে। যেসব প্রার্থী নিয়মিত পড়েন, তারা প্রশ্ন বিশ্লেষণে দ্রুত ও নিখুঁত হতে পারেন।

ব্যাকরণের বুনিয়াদ মজবুত করুন

বাংলা ব্যাকরণে ভালো না হলে, প্রশ্নের অর্ধেকই কঠিন মনে হবে। কারক, সমাস, সন্ধি, ক্রিয়া, বিপরীত শব্দ, প্রবাদ-প্রবচন-এই অংশগুলো মুখস্থ নয়, বোঝার মাধ্যমে আয়ত্ত করতে হবে। প্রতিদিন কয়েকটি নিয়ম অনুশীলন করুন এবং উদাহরণসহ লিখে রাখুন। ছোট নোটবুক তৈরি করুন, যেখানে প্রতিদিন নতুন ৫টি শব্দ ও তার ব্যবহার লিখবেন।

পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করুন

প্রশ্নের ধরন বুঝতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ। এতে বোঝা যায় কোন বিষয়গুলো বেশি আসছে, কোনগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অনুশীলন শুধু জ্ঞান যাচাই নয়, পরীক্ষার মানসিক প্রস্তুতিতেও সহায়তা করে। প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারলে প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যায়।

সাহিত্য অংশে আগ্রহ রাখুন

অনেকেই সাহিত্য অংশকে 'অপ্রয়োজনীয়' ভেবে এড়িয়ে যান, কিন্তু এখান থেকেই প্রায় ৩০-৪০ ভাগ প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, জীবনানন্দ দাশসহ প্রখ্যাত সাহিত্যিকদের রচনা, ধারা ও বৈশিষ্ট্য নিয়মিত পড়লে এই অংশে ভালো নম্বর পাওয়া সম্ভব।

ভাষায় বিশ্লেষণ ক্ষমতা বাড়ান

বাংলা অনুচ্ছেদ বিশ্লেষণ বা comprehension অনুশীলন করলে বিশ্লেষণী চিন্তা ও যুক্তিবোধ গড়ে ওঠে। পরীক্ষায় অনেক সময় বড় অনুচ্ছেদের অর্থ বুঝে প্রশ্নের উত্তর দিতে হয়-তাই পাঠ অনুধাবন (reading comprehension) অনুশীলন অত্যন্ত জরুরি।

লেখার চর্চা করুন

লেখা হলো চিন্তার আয়না। নিজের চিন্তা বাংলায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারলেই পরীক্ষায় সংক্ষিপ্ত উত্তর ও বিশ্লেষণমূলক প্রশ্নে নম্বর পাওয়া সহজ হয়। প্রতি সপ্তাহে অন্তত একটি প্রবন্ধ, অনুচ্ছেদ বা রিপোর্ট লিখুন-বিশেষ করে সমসাময়িক বিষয় নিয়ে।

মক টেস্টে অংশ নিন

পরীক্ষার আগে সময় ব্যবস্থাপনা বোঝা ও আত্মবিশ্বাস তৈরি করার জন্য মক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা অংশের মডেল টেস্টে নিয়মিত অংশগ্রহণ করলে প্রশ্নের ধরন ও সময় বণ্টন নিয়ে অভ্যস্ত হওয়া যায়।

লেখক-শরীফ ওবায়দুল্লাহ, প্রতিষ্ঠাতা, কথন একাডেমি

ইত্তেফাক/এনটিএম