শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার: তীব্র নিন্দা জানালো ভারত 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৭

ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। চলমান বৈশ্বিক এই আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ খেলতে এসে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সাতবারের চ্যাম্পিয়নরা। মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অজি নারী ক্রিকেটার। 

আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ভারতের জন্য অপমানজনক বলে অভিহিত করেছে সংস্থাটি। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এর নিন্দা করি। আমরা প্রয়োজনীয় সব সতর্কতা নেব। পুলিশ অভিযুক্তকে ধরেছে।’

এ ঘটনার দ্রুত পদক্ষেপ নেওয়ায় মধ্যপ্রদেশ পুলিশের প্রশংসা করে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের জন্য অপমান বয়ে আনে। অপরাধীকে ধরার জন্য রাজ্য পুলিশের (মধ্যপ্রদেশ) দ্রুত পদক্ষেপের আমরা প্রশংসা করি। আইন তার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীকে শাস্তি দেবে।’

অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটারকে ইন্দোরে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি কর্তৃক পিছু নেওয়া এবং এরপর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। পুলিশের তথ্য মতে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশেই একটা একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়।

Australia celebrate the DRS review that sent Heather Knight on her way, Australia vs England, Women's World Cup, Indore, October 22, 2025

খেলোয়াড়েরা সঙ্গে সঙ্গে তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। সিমন্স স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে খেলোয়াড়দের সাহায্যের জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন। অভিযোগ পাওয়ার পর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য রেকর্ড করেন এবং আইনি পদক্ষেপ শুরু করেন।

দুই নারী ক্রিকেটারের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের ধরতে পাঁচটি থানার অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ