শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট সংকটের কারণে বড় ধরনের সমস্যায় পড়েছেন রোগীদের চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতালের সাধারণ বেড শেষ হওয়ায় রোগীদের বারান্দার কাঠের বেঞ্চে বসিয়ে বা শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে। কখনও কখনও স্যালাইন দরজার হুকে ঝুলিয়ে রাখা হচ্ছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় পূর্ব ডামুড্যা থেকে আসা একজন ডায়রিয়া রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীদের সিট সংকটের কারণে তাকে বারান্দায় কাঠের বেঞ্চে উপরে শুয়ায়ে ডায়রিয়ার স্যালাইন পুশ করে স্যালাইন ঝুলিয়ে রাখা হয় দরজার হুকের সঙ্গে।
সরেজমিনে দেখা গেছে, রোগীর সংখ্যা বেশি হওয়ায় সাধারণ বেডের অভাবে নতুন ও পুরাতন ভবনে রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। ডায়রিয়া, ঠাণ্ডা, জ্বর, সর্দি, পেটের ব্যথা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এই ব্যাপারে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার নাসিমা বলেন, আমাদের হসপিটালে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি গত ২৪ ঘণ্টা থেকে আজ সকাল পর্যন্ত নতুন ডেঙ্গু রোগী ৪জনকে ভর্তি করা হয়েছে, ডাক্তার সংকট থাকায় রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. রাফিউল আহমেদ ধ্রুব ইত্তেফাককে জানান, উপজেলায় ৫০ বেডের বেশি হয় না, রোগী বেশি হয়ে গেলে সে ক্ষেত্রে রোগীকে ফ্লোরে তোশক বিছিয়ে চিকিৎসায় দিতে হয় এটা আমাদের জন্য দুঃখজনক।
জেলা সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন কে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আমি কেবিনেট জুম মিটিং এ ব্যস্ত আছি, আপনার সঙ্গে পরে কথা বলবো।
