স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টাকালে ৫ নারীকে পুলিশে দিল জনতা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ২৩:৫৬

ফরিদপুরে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ জন নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

রোববার (২৬ অক্টোবর) ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের গাজীরটেক ইউনিয়নের শীলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। আটক একজন নারীর সঙ্গে একটি শিশুও রয়েছে। 

জানা গেছে, চরভদ্রাসন থেকে পিয়ারা বেগম নামের এক নারী অটোরিকশায় চড়ে চিকিত্সার জন্য ফরিদপুর শহরে আসছিলেন। পথে মৌলভীরচর এলাকা থেকে ওই অটোরিকশায় আরও ৫ জন নারী ওঠেন। পরে ব্যাপারির দোকান নামক এলাকায় পৌঁছালে তারা পিয়ারা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ৫ নারীকে আটক করেন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

চরভদ্রাসন থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, আটক নারীরা তাদের পরিচয় জানতে চাইলে এলোমেলো তথ্য দিচ্ছেন, স্বামীর নামও বলছেন না, ঠিকানা বলছেন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনায় পিয়ারা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।    

ইত্তেফাক/এসএএস