সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) জেলা কারাগারে মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুজ্জামান বলেন, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১০টা ৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হবে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
