নেত্রকোনায় ইঞ্জিন সংকটে বন্ধ দুটি লোকাল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

নেত্রকোনায় বন্ধ হয়ে পড়েছে দুটি লোকাল ট্রেনের চলাচল। মোহনগঞ্জ ও জারিয়া রুটে ওই ট্রেন দুটি কয়েকমাস ধরে বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। ট্রেন দুটি চালুর দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালিত হলেও রেল কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে ট্রেন দুটি চালু করা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, লোকাল ট্রেনগুলোতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। গত ৩১ মে থেকে বন্ধ আছে মোহনগঞ্জ-ময়মনসিংহ ‍রুটে চলাচলকারী ট্রেনটি। একইভাবে ময়মনসিংহ-জারিয়া রুটে চলাচলকারী লোকাল ট্রেনটি বন্ধ আছে ২৯ মে থেকে।

নেত্রকোনা রেলস্টেশন সূত্রে জানা গেছে, জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে ঢাকা রুটে ২১০ কিলোমিটার রেলপথ আছে। এর মধ্যে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। ওই পথে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া একটি লোকাল ও একটি কমিউটার ট্রেনও চালু আছে। লোকাল ডাউন ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ স্টেশন থেকে যথাক্রমে ভোর ৫টা ৪০ এবং বেলা ২টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। অন্যদিকে ময়মনসিংহের উদ্দেশে প্রতিদিন সকাল সাড়ে আটটা ও বিকেল সাড়ে পাঁচটায় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় এটি।

নেত্রকোনার স্টেশনমাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, লোকাল ট্রেনটির ইঞ্জিনে সমস্যা হওয়ায় চলাচল বন্ধ আছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামত শেষ হলে আবার চালু হবে। তবে কবে নাগাদ ইঞ্জিন মেরামত শেষ হবে, তা তিনি জানেন না।

অন্যদিকে ময়মনসিংহ-জারিয়া রেলপথে চলাচল করা লোকাল ট্রেনটিও প্রায় এক মাস ধরে বন্ধ আছে। রেলপথটিতে চলাচলকারী যাত্রীরা একইভাবে দুর্ভোগে পড়েছেন। বন্ধ ট্রেনটি চালুর দাবিতে সপ্তাহখানেক আগে জারিয়া রেলস্টেশন, পূর্বধলা রেলস্টেশন, ময়মনসিংহ স্টেশনসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেন যাত্রীরা।

পূর্বধলা রেলস্টেশন সূত্র জানায়, ময়মনসিংহ-জারিয়া ৫০ কিলোমিটার রেলপথে একটি কমিউটার ও একটি লোকাল ট্রেন আছে। ২৯ সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেনটি বন্ধ আছে।

দুর্গাপুরের বাসিন্দা ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মো. ইউসুফ বলেন, ট্রেনটি চালু থাকা অবস্থায় জারিয়া থেকে ময়মনসিংহ গিয়ে ক্লাস করে আবার চলে আসতাম। ট্রেন বন্ধ থাকায় এখন সময় ও টাকা দুটোই বেশি লাগছে।

ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল হারুন বলেন, মোহনগঞ্জ ও জারিয়া দুটি লোকাল ট্রেনই ইঞ্জিন সংকটের কারণে বন্ধ আছে। ইঞ্জিন পেলে আবার ট্রেনগুলো চালু করতে পারবো।

ইত্তেফাক/এপি