সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল মন্ডল (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল মন্ডল উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি সময়ে দেশে ফিরেছিলেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরজুলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিরাজুল মন্ডলের ভাই আজিজুল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কেউ একজন তাকে ডেকে নিয়ে গিয়েছিল। রাতে আর বাসায় ফেরেনি সে। সকালে তার মৃত্যুর খবর পাই।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
