রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর ধারে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। বালুর নিচ থেকে বুদবুদ উঠছে, আর দিয়াশলাই ধরালে বালুর ওপর আগুন জ্বলতে দেখা গেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় নদীর ধারে এমন বুদবুদ উঠতে দেখেন স্থানীয়রা। এরপর রাতভর সেখানে ভিড় করেন উৎসুক মানুষ। বুধবার (২৯ অক্টোবর) সকালেও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ ও শিশুরা ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠান। দুপুরে তারা এলাকা পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
স্থানীয় বাসিন্দা মো. শিহাব বলেন, কিছুদিন আগে এই এলাকায় নৌকা ডুবে তিনজন মারা গিয়েছিলেন। তখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানিতে নামলে তারা অনুভব করেছিলেন যে, পানির নিচে যেন চাপ তৈরি হচ্ছে। এখন মনে হচ্ছে, সেটি গ্যাসের কারণে হয়েছিল।
দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালু বিভিন্ন স্থানে থেকে বুদবুদ উঠছে এবং শব্দ শোনা যাচ্ছে। স্থানীয়রা দিয়াশলাই ধরালে বালুর ওপর আগুন জ্বলে উঠছে।
এলাকার বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, কয়েকদিন ধরে নদীর পানি কমেছে। গতকাল প্রথম বুদবুদ দেখা যায়। এরপর থেকেই শত শত মানুষ আগুন দেখতে ভিড় করছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদী পাড়ে অসংখ্য বুদ্বুদ বের হচ্ছে। এখন কোনো গ্যাসের কারণে এটি হচ্ছে কিনা, তা আমরা জানি না। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা এসে দেখবেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহম্মেদ জানান, সকালে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে পরীক্ষার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
