ধর্ষণের অভিযোগে মামলা করেছেন চাঁদপুরে জুলাই মঞ্চের এক নেত্রী। ওই মামলায় বুধবার আল আমিন সৈকত (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার চাঁদপুরের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আল আমিন সৈকত জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে আল আমিন সৈকতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, জুলাই মঞ্চের নেত্রীর সঙ্গে এনসিপি নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে সৈকত তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে।
৫ অক্টোবর সৈকতের গ্রামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন ভুক্তভোগী। দুই দিন অনশনের পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
শনিবার ভুক্তভোগী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ফরিদগঞ্জ থানা-পুলিশ বুধবার সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার করে।
এনসিপির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম বলেন, এ ঘটনা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত বিষয়টি আমাদের গত মাসে জানানো হলে উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়। তদন্ত ছাড়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
