গাজা ইস্যুতে ইস্তাম্বুলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করছে তুরস্ক

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৮:০৪

গাজা নিয়ে ইস্তাম্বুলে একটি বৈঠকের আয়োজন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, কূটনৈতিক সূত্র জানিয়েছে আগামীকাল সোমবার এই বৈঠক আয়োজিত হবে।

রোববার (২ নভেম্বর) সূত্রগুলো জানায়, এই বৈঠকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, কাতার, পাকিস্তান, সৌদি আরব এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে। এসব দেশের নেতারা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিল।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই বৈঠকে ১০ অক্টোবরের যুদ্ধবিরতির সর্বশেষ ঘটনাবলী এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

হাকান ফিদান যুদ্ধবিরতি ভঙ্গ করার জন্য ইসরায়েলের অজুহাত তৈরির প্রচেষ্টার নিন্দা করবেন বলে আশা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে তেল আবিবের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

তিনি যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের গুরুত্বের ওপরও জোর দেবেন। আসন্ন বৈঠকে ফিদান বলবেন, গাজায় বর্তমানে যে মানবিক সাহায্য প্রবেশ করছে, তা অপর্যাপ্ত এবং ইসরায়েল এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।

গাজায় পর্যাপ্ত মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা একটি মানবিক এবং আইনি প্রয়োজনীয়তা বলে জোর দিয়ে তিনি এই চাহিদা পূরণের জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাবেন।

গাজার নিরাপত্তা ও প্রশাসনের দায়িত্ব গ্রহণের সুযোগ ফিলিস্তিনিদের হাতে থাকবে - ফিদান দ্রুত এমন ব্যবস্থা বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

ইত্তেফাক/এমএমকে/এসকে