রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে আইনি পক্রিয়া শেষে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন—সাইফুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শাকিলা (২৮)। সাইফুল ছিলেন ভবনের দারোয়ান এবং শাকিলা একই ভবনে রান্নার কাজ করতেন।
রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান। তিনি জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে অর্ধগলিত লাশ দেখতে পায়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ঘটনাটি ২৫ অক্টোবরের পর কোনো সময় ঘটেছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন।

