সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘দুলাভাই’ বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে দাকোপ থানার কুমড়োকাঠি খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন বলে কোস্ট গার্ড জানিয়েছে।
অভিযানে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং সাত রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
