রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন: কর্তৃপক্ষের বক্তব্যে বিভ্রান্তি নিরসনের আহ্বান

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৫:১২

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বা বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানিয়েছে তারা। এদিন দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে পদ্মা ও ইছামতী নদীর প্রবাহ সচল রাখার জন্য তৈরিকৃত কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্যে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে প্রকল্পের নিজস্ব ফায়ার ইউনিট, রূপপুর মডার্ন ফায়ার স্টেশন এবং গ্রিনসিটি ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রথমদিকে প্রকল্প কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়।

পরে বৃহস্পতিবার গভীর রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ফোকাল পয়েন্ট ও বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে পদ্মা নদী ও ইছামতী নদীর প্রবাহ সচল রাখার জন্য তৈরিকৃত কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণকালে একটি ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কর্মরত ইমামুল এন্টারপ্রাইজের কয়েকজন শ্রমিক তাৎক্ষণিক বিষয়টি প্রকল্পের কন্ট্রোল রুমে জানায়। কন্ট্রোল রুম থেকে দ্রুততম সময়ে প্রকল্পের নিজস্ব ফায়ার ইউনিট, রূপপুর মডার্ন ফায়ার স্টেশন এবং গ্রিণসিটি ফায়ার স্টেশনকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট ফায়ার ইউনিটসমূহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে অগ্নি-নির্বাপণ কার্যক্রম শুরু করে। তাদের কার্যকর পদক্ষেপে মাত্র ৪০ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর ১টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় এবং নির্বাপণ কার্যক্রম সম্পন্ন ঘোষণা করা হয়। এ ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং প্রকল্পের সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত জানার কাজ চলমান আছে জানিয়ে প্রকল্পের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ফায়ার সার্ভিস ইউনিট, কর্মী ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে বিভ্রান্ত বা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি