বাসের সঙ্গে সাত মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৮:০২

মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৭ জন। নিহতরা বাসের যাত্রী। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে।

এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর গুরুতর আহত হয় ৭ জন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী।
 
আহতদেরকে উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
 
ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান বলেন, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।

ইত্তেফাক/কেএইচ