ভারতে আটক একই পরিবারের ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৬:২১

অবৈধ অনুপ্রবেশের দায়ে একই পরিবারের তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিন নারী-পুরুষকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। বর্তমানে তারা ফুলবাড়ী থানায় পুলিশি হেফাজতে আছেন।

হেফাজতে থাকা তিন বাংলাদেশি হলেন-  ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া (৪৮) তার মেয়ে ও ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) ও নাতি আলী হক (১৭)।

পুলিশ জানায়, দীর্ঘদিন আগে কাজের সন্ধানে তারা ভারতের দিল্লিতে যান। সেখান থেকে সীমান্তের দালালদের মাধ্যমে চোরাই পথে ফেরত আসার সময় বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় বিএসএফের হাতে আটক হন। পরে ওই রাতেই বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এসের পাশ দিয়ে ভারতীয় বিএসএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। সর্বশেষ বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, শুক্রবার সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

ইত্তেফাক/এপি