বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।
আগামী ১১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুটেক্সের অফিসিয়াল ওয়েবসাইটেও ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে জিপিএ ২০-এর মধ্যে ন্যূনতম ১৭.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। এছাড়া আলাদাভাবে এই বিষয়গুলোতে অন্তত ৩.৫০ জিপিএ পেতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ৩০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে এক হাজার ২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ১৪ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর। যোগ্য প্রার্থীকে এক হাজার ২০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, যা ডাউনলোড করা যাবে ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে http://but.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে। ডাউনলোডকৃত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২৩ হতে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে।
প্রার্থী নির্বাচন
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। সর্বোচ্চ ৪ হাজার ৫০০ প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্তদের (সব ধরনের কোটাসহ সবার জন্য প্রযোজ্য) মেধাতালিকা প্রকাশ করা হবে না। তবে ভর্তি কমিটি বাস্তব প্রয়োজনে নির্ধারিত ৪০ শতাংশ নম্বর এবং উল্লেখিত সংখ্যা পরিবর্তন করতে পারবেন। প্রার্থীর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে।
এবারের ভর্তি প্রক্রিয়ায় মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।
অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইং অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি আসন রয়েছে।

