মাছ নিয়ে রাস্তা পার হওয়ার সময় উত্তরায় গাড়ির ধাক্কায় নিহত এক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৮

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সী ইউসুফ হোসেনের।

শনিবার (৮ নভেম্বর) ভোর চারটার দিকে উত্তরার বিএনএস ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ হোসেন মাছ ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মাছ নিয়ে যাচ্ছিলেন।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা হলেও উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকায় বসবাস করতেন।

হাসপাতালে আনার পর ইউসুফ হোসেনের বোনজামাই সাইদুল ইসলাম জানিয়েছেন, ভোর সোয়া চারটার দিকে ভ্যানে মাছ নিয়ে যাচ্ছিলেন ইউসুফ। ফ্লাইওভার পার হওয়ার সময় একটি দ্রুতগতি গাড়ি তাঁকে ধাক্কা দেয় এবং চালক তাৎক্ষণিকভাবে চলে যায়।

সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ইউসুফ হোসেনের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এনএন