লিগ চালুর দাবিতে নেপালে ফুটবলারদের বিক্ষোভ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৫:৪৭

১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল। তার আগে নেপালের ফুটবলাররা নেমেছে বিক্ষোভে। বৃহস্পতিবার সাতদোবাটোতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সের বাইরে তারা এই বিক্ষোভ করেন। কারণ, গেল দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। যার কারণে দেশটির অনেক ফুটবলার পড়েছেন আর্থিক সংকটে। ফলে বন্ধ থাকা লিগ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভে নেমেছেন ফুটবলাররা।

বৃহস্পতিবার সকাল ১১টায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সের বাইরে খেলোয়াড়রা জড়ো হলে মূল ফটকে তাদের আটকে দেওয়া হয়। ফুটবলারদের দাবি জানাতে প্রাঙ্গণের ভিতরে প্রবেশের অনুমতি দেয়নি এএনএফএ কর্তৃপক্ষ। সুরেশ শাহ বিষয়টি নিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করলেও সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাং ও সাধারণ সম্পাদক কিরণ রাই তখন কাঠমান্ডুর বাইরে ছিলেন। এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর খেলোয়াড়রা গেটের বাইরে স্লোগান দেন। 

Footballers protest outside ANFA complex demanding 'A' Division League

ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি বিক্রম লামা বলেন, 'আমরা চাই ফুটবল কার্যক্রম নেপালি ফটবলে বিশঙ্খলার অবসান ঘটুক। যদি এক সপ্তাহের মধ্যে এএনএফএ লিগ আয়োজনের পরিকল্পনা না নেয়, তাহলে আন্দোলন আরো তীব্র হবে।' 

বিক্ষোভে জাতীয় দলের তারকা রোহিত চাঁদ, অঞ্জন বিস্ত এবং সাবেক অধিনায়ক বিরাজ মহারজনও যোগ দেন। তারা লিগ স্থগিতের কারণে হতাশা প্রকাশ করেন। এএনএফএ জানিয়েছে, চলতি বছর 'এ' ডিভিশন লিগ আয়োজনের পরিকল্পনা নেই। তার পরিবর্তে একটি জাতীয় লিগ আয়োজনের চিন্তা করছে তারা। 

ফলে আড়াই বছরেরও বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা না থাকায় বহু ফুটবলার বেকার হয়ে পড়েছেন। এ সপ্তাহের শুরুতে ফেডারেশন কর্মকর্তারা এবং ১৪টি ক্লাব প্রতিনিধি বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, চলতি বছর 'এ' ডিভিশন লিগ হবে না। সেটি স্থগিত করা হয়েছে আগামী বছর পর্যন্ত। 

ইত্তেফাক/জেডএইচ