ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলতে গিয়ে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ভাষ্য স্থানীয়দের।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় শিশু দুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলেন- মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
এদের মধ্যে তাকরিম সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও আদনান একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদনান কিছুদিন আগে কুট্টপাড়া উত্তর এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে তার মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে অসতর্কতাবশত দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। দুপুরের দিকে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন। এসময় পুকুর থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
