নেত্রকোনায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১১

নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক ১৮ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে বাবু মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ভিকটিমের মা আটপাড়া থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মেয়েটির মা নদীতে গোসল করতে গেলে এবং বাবা মসজিদে থাকায়, বাবু মিয়া তাকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তরুণী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার আত্মীয়স্বজনদের কাছে বিষয়টি লিখে জানান। কিছুক্ষণ পর তাঁর মা গোসল শেষে বাড়ি ফিরলে তাকে ইশারায় মেয়েটি সবকিছু খুলে বলেন এবং ঘটনাস্থলে নিয়ে যান। পরদিন গতকাল শনিবার বিকেলে মেয়েটির মা বাদী হয়ে বাবু মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ইত্তেফাক/এএইচপি