যুবদল নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৪:২৭

রাজশাহীর বাগমারা উপজেলার যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক রাত ২টা ১০ মিনিটের দিকে গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির সামনে এ বিস্ফোরণ ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির বেলকুনির পাশে বোমা রেখে বিস্ফোরণ ঘটিয়ে মাড়িয়া মোড়ের দিকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ায় মুহূর্তেই চারপাশ অন্ধকারাচ্ছন্ন ও আতঙ্কিত হয়ে পড়ে। এতে বাড়ির পরিবারের সদস্য এবং আশপাশের গ্রামবাসীর মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মূল ফটকের কাছে পড়ে থাকা একটি কৌটা সদৃশ বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে।

ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির দেয়াল ও আশপাশের এলাকায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

রেজাউল করিম টুটুল বলেন, এটা নিছক রাজনীতি নয়, এটা সন্ত্রাসী হামলা। আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম মানুষের কল্যাণের রাজনীতি করার জন্য। বোমা মেরে রাজনীতি করা যায় না। শুধু শ্বশুরবাড়ি নয়, আমার বাসার সামনেও একটি ব্যাগে ককটেল সদৃশ বোমা পাওয়া গেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় জিডি করা হয়েছে। তদন্ত চলমান।

ইত্তেফাক/এএইচপি