দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ির মূল মালিকসহ সর্বশেষ ক্রেতা আটক

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৪:২৩

দিল্লির লালকেল্লার কাছে একটি চলন্ত হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই গাড়ির মূল মালিককে আটক করেছে পুলিশ। 

এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩। ভারতের দিল্লি পুলিশ এই তথ্য জানিয়েছে। 

দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ধীরে চলা একটি গাড়ি লাল সিগন্যালে থেমেছিল এবং সেই মুহূর্তেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। 

মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি এখনো মূল মালিকের নামেই নিবন্ধিত থাকায় তাকে আটক করা হয়েছে। দিল্লি পুলিশ বলছে, ওই ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন এবং পরে তিনি গাড়িটি দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন। ওই ব্যক্তিও আবার সম্প্রতি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছেন। 

পুলিশ আরও জানিয়েছে, গাড়িটির সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাড়িটির নম্বরপ্লেট ছিল ভারতের হরিয়ানা রাজ্যের।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ