হাইকোর্টে ২৩ বিচারপতির মধ্যে ২২ জনকে স্থায়ী নিয়োগ

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২১:২৪

জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে একই সঙ্গে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী করা হয়নি।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স এখনও ৪৫ বছর পূর্ণ হয়নি, সেই কারণেই তাকে স্থায়ী নিয়োগের তালিকায় রাখা হয়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ২২ জন বিচারপতিকে স্থায়ী করার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে নিম্নবর্ণিত ২২ (বাইশ) জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।’

বিচারপতিরা হলেন— মোঃ গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মোঃ মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মোঃ যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মোঃ আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মোঃ শফিউল আলম মাহমুদ, মোঃ হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মোঃ তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মোঃ সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।

এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই তালিকায় বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরীও ছিলেন। তবে বয়সসীমা পূর্ণ না হওয়ায় তিনি এবার বাদ পড়েছেন বলে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

ইত্তেফাক/এএম