সিরাজগঞ্জে একই দিনে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৪:২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, একজনকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।

রায়গঞ্জের ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারকৃত লাশের পরিচয় মো. আব্দুল লতিফ (৪৫) হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহত লতিফ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অপরদিকে উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত দুই লাশ ময়নাতদন্তের জন্য বুধবার (১২ নভেম্বর) সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত রোববার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খুঁজেও কোনো সন্ধান পাননি। বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।  

অপরদিকে উল্লাপাড়া থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, চৌকিদহ ব্রিজের নীচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি