লকডাউন কর্মসূচি প্রস্তুতির সময় আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৪:৪৫

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ বাস্তবায়নের প্রস্তুতিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে দলটির তিন র্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ‘১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।

প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট সুফিয়ানের নেতৃত্বে নিয়মিত ডমিনেশন পেট্রোল চলাকালে কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে ব্যানারটি উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের শ্লোগান সম্বলিত ব্যানারসহ ৩ জন সারিয়াকান্দি থানার হেফাজতে রয়েছে। তাদের বগুড়া জেলার আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এএইচপি