তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে লাইন ‘চালু’ অবস্থায় খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট নেসকোর দুই কর্মী

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮:৫২

বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) দুই কর্মী। এসময় সেইফটি বেল্ট না থাকায় একজন বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে যান। অন্যজন সেইফটি বেল্ট মইয়ে লেগে অন্যজন কিছু সময় ধরে সেখানে ঝুলন্ত অবস্থায় থাকেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর আদুবুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নেসকোর লাইনম্যান আব্দুল হক ও লাইন সাহায্যকারী আবু তালেব।

এদের মধ্যে নিচে পড়ে যাওয়া আব্দুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আবু তালেব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী জানান, আমি শুনেছি দুই কর্মচারী ট্রান্সফরমার কাজের জন্য খুঁটিতে উঠেছিলেন। সেখানে একাধিক সঞ্চালন লাইন ছিল। একটি লাইন বন্ধ করা হলেও আরেকটি চালু ছিল। ফলে কাজ করার সময় দুজন বিদ্যুতায়িত হন।

এ বিষয়ে নেসকোর রাজশাহী-১ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ জানান, এ ঘটনায় নেসকো একটি তদন্ত কমিটি গঠন করেছে। কেন এমন দুর্ঘটনা ঘটেছে- তদন্ত কমিটিকে তার কারণ নির্ণয় করতে বলা হয়েছে। পাশপাশি দুই কর্মচারীর সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করতে নেসকো তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এপি