মানুষ নেই, এআই দিয়ে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৪

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন। নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি হয়ে গেছেন রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী। তিনি রাজনীতি করেননি, রাজনীতি করতেও দেননি। যার কারণে বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা বলেছিলেন যারা বাসে আগুন দিবে, তাদের আগুনে ফেলে দিবে, এখনতো তিনি নাই। তিনি পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয়-স্বজন সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু এ জেনারেশন পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষীবাহিনী।

 

 

 

ইত্তেফাক/এনএ