নান্দাইলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২১:১৭

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত চার প্রার্থীর সমর্থকরা।

পূর্ব ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন।

মানববন্ধনে মনোনয়ন বঞ্চিত চার প্রার্থীর নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন।

জানা যায়, ময়মনসিংহ-৯ আসনে বিএনপি থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে এই মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী ও বঞ্চিত চার প্রার্থীর সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা হলেন— মামুন বিন আবদুল মান্নান, মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব) এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরী।

মনোনয়ন ঘোষণার পর থেকেই এই চার নেতার সমর্থকরা ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নান্দাইল সদরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের প্রধান দাবি ছিল, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিতর্কিত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক। এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল কিছুটা সীমিত হয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত কোনো প্রার্থীর তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে মানববন্ধনে অংশ নেওয়া সমর্থকরা জানান, সঠিক ব্যক্তিকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই ইয়াসের খান চৌধুরীর বদলে মামুন বিন আবদুল মান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।

ইত্তেফাক/এপি