তফসিল ঘোষণা 

২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা, ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯৯৭ সালের পর এই প্রথম শাকসু নির্বাচন হতে যাচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। 

তফশিল অনুযায়ী নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ নভেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ তারিখ ২২ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এরপর ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আগ্রহীরা ২৪ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর ২৬ নভেম্বর পর্যন্ত তা জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ নভেম্বর এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর।

এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে।  কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'শাকসু নির্বাচনে ভোট গণনা করা হবে অত্যাধুনিক ওএমআর পদ্ধতিতে। এ ছাড়া, স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গণনার ফলাফল বড় এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে।'

উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর রাত ৯টায় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারুদ্দিন চৌধুরি।

ইত্তেফাক/এএম/আরজেড