বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ বাড়িতে একযোগে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। নিহতের নাম সালাম সরদার(৪০)। এ ঘটনায় নারী ও শিশু সহ আহত হয়েছে কমপক্ষে ১২ জন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামাল শেখ ও মন্টু মোল্লাকে আটক করেছে পুলিশ।
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত ঘড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শামীম সরদার (২৪), তার স্ত্রী জান্নাতি বেগম (১৯), পিতা এসমাইল সরদার (৫০), রাকিব সরদার (১৪), মোজাম সরদার (৫০), লোকমান সরদার (৪০) ও মঞ্জু বেগম (৩০)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহত রাকিব সরদারের পিতা ছলেমান সরদার ও লোকমান সরদারের স্ত্রী রীনা বেগম বলেন, জমিজমা ও রাজনৈতিক বিরোধের জের ধরে গভীর রাতে সিঁধ কেটে ১০/১২জন লোক তাদের বংশের ৬ বাড়িতে ঘরে ঢুকে লোকমানকে মারপিট শুরু করে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোটভাই সালাম সরদার ছুটে গেলে দুর্বৃত্তরা সালামকে পিটিয়ে কুপিয়ে খালে ফেলে দেয়। বুধবার ভোর ৫টার দিকে আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ৯টার দিকে সালাম সরদারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশত, আটক ৬
থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মন্টু মোল্লা ও জাফর শেখ নামে দুজনকে আটক করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু

