ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীকে বাংলাদেশে হস্তান্তর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২০:৪৩

ভারতে পাচারের শিকার ৩০ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১৯ জন কিশোর এবং ১১ জন  কিশোরী রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) তাদের ফেরত বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির পোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান , ফেরত আসাদের ঘটনা ভিন্ন ভিন্ন। তবে বেশির ভাগ ফেরত আসাদেরকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পাচার করে। ভারতে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও  বিভিন্ন রাজ্যে তারা পুলিশের হাতে আটক হয়। তাদের আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।

সাজার মেয়াদ শেষে ওই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের নিজ হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পাশের মাধ্যমে তারা দেশে ফেরেন।

ফেরত আসাদের মধ্যে চারজন জানান, তাদের  মা-বাবা এখনও ভারতের জেলখানায়। শেল্টার হোম থেকে বাংলাদেশের ঠিকানা সংগ্রহ করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

সাতক্ষীরার আলীপুর গ্রামের তিন কিশোরী বলেন, আমাদের ময়েরা ভারতের জেলখানায় আছে। তারা কবে ছাড়া পাবেন জানি না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি  সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর  করা হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন শাহ্ বলেন, ফেরত আসা কিশোর-কিশোরীদের রাতেই তিনটি মানবাধিকার  সংগঠনের কাছে  হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি