চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক এসআইসহ ছয় পুলিশ সদস্যকে প্রায় এক ঘণ্টা ধরে আটক করে রাখেন স্থানীয় উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নাচোল উপজেলার হাঁকরইল গ্রামে এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ, থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আলি হাসানের বরাতে জানা যায়, নাচোল থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল সন্ধ্যায় হাঁকরইল গ্রামে অভিযান চালায়। এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি বাড়ি থেকে চোলাই মদ উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে তাকে চড়-থাপ্পড় মারেন এসআই।
গ্রামবাসীর অভিযোগ, মজিবুর রহমান একজন সাধারণ কৃষক এবং মাদকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পুলিশকে ঘিরে ফেলে ও অবরুদ্ধ করে রাখে।
নাচোল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাদিকুল বলেন, মজিবুর রহমান গ্রামের একজন সাধারণ কৃষক। তার সঙ্গে মাদকের কোনো সম্পৃক্ততাই নেই। অথচ তাকে গ্রেফতারের চেষ্টা ও দুর্ব্যবহার করলে স্থানীয় লোকজন পুলিশকে অবরুদ্ধ করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়, বিষয়টি এমন নয়। মাদক উদ্ধারে গিয়ে একজনকে আটক করে পুলিশ। কিন্তু স্থানীয়রা পুলিশকে জানায় ওই ব্যক্তি নিরপরাধ। মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তখন তাকে ছেড়ে দিয়ে চলে আসে পুলিশ সদস্যরা।
