রাজৈরে মোটরসাইকেল–নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১২:৪৫

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট–কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়।

নিহতরা হলেন—রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি গ্রামের সিদ্দিক খালাসীর ছেলে রাজন খালাসী (১৭) এবং হান্নান মল্লিকের ছেলে ইমন মল্লিক (১৯)। তারা দু’জনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাজন ও ইমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারের একটি ফার্নিচার দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে তারা খাবার খাওয়ার জন্য নিজ বাড়ি চাঁনপট্টি গ্রামে আসেন। পরে বিকেলে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি টেকেরহাটগামী নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাজন ও ইমন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে নিহত দুই তরুণের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএইচপি