মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৯৫ রান

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৮:৫২

শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। সিরিজ নিশ্চিতের পর নিয়ম রক্ষার এই ম্যাচ কিছুটা ধীরে শুরু করলেও শেষ পর্যন্ত ৮ উইকেটের বিনিময়ে ২৯৪ রানের বড় সংগ্রহ আসে শ্রীলঙ্কান ইনিংস থেকে।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামে অভিস্কা ফার্নান্ডো ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে শুরুটা হয় ধীর। ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন শফিউল ইসলাম। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ওপেনার অভিস্কা ফার্নান্ডোকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল। তখন স্বাগতিকদের দলীয় সংগ্রহ মাত্র ১৩।

এরপর ইনিংসের ২১তম ওভারে দিমুথ করুনারত্নকে ৪৬ রানে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। আর ২২তম ওভারে কুশাল পেরেরাকে ৪২ রানের ফেরান রুবেল হোসেন। তখন স্বাগতিকদের দলীয় সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৯৮ রান। তৃতীয় উইকেটের পতনের পর অ্যাঞ্জেলো মেথুসকে নিয়ে জুটি গড়েন কুশাল মেন্ডিস। তাদের ১০১ রানের জুটি ভাঙ্গেন সৌম্য সরকার। ৪২তম ওভারে ব্যাক্তিগত ৫৪ রানে মেন্ডিসকে ফেরান তিনি। 

তবে ক্রিজের এক পাশ থেকে রানের চাকা সচল রাখেন অ্যাঞ্জেলো মেথুস। এরপর ৪৭তম ওভারে দাসুন শানাকাকে ব্যক্তিগত ৩০ রানে ফেরান শফিউল ইসলাম। শফিউলের পরের ওভারেই শিকার হন ১৩ রান করা শেহান জয়সুরিয়া। এ সময় শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৮০। শ্রীলঙ্কান ইনিংসের একেবারে শেষ ওভার অর্থাৎ ৪৯তম ওভারে অ্যাঞ্জেলো মেথুসকে ৮৭ রানে ফেরান সৌম্য সরকার। একই ওভারে আকিলা ধনঞ্জয়াকেও সাজধরে ফেরান তিনি। 

ইনিংস শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ২৯৪ রানে। 

বাংলাদেশের পক্ষে বল হাতে শফিউল ইসলাম ও সৌম্য সরকার তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া তাইজুল ইসলাম ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট।

এর আগে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অন্য দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তাই এক রকম নিয়ম রক্ষার ম্যাচে আজ স্বাগতিকদের বিপক্ষে খেলছে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচডি