শেষ দিন হতে পারতো: ভূমিকম্পের পর বললেন ফারুকী

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৪:২২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। এ সময় ভুমিকম্প নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন- ‘এমন ভূমিকম্প আগে কখনো হয়নি! শেষ দিন হতে পারতো। সবকিছু কতটা ভঙ্গুর তার একটি স্মারক!’

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরে এত শক্তিশালী ভূমিকম্প এর আগে দেখা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার জানান, বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালের সবচেয়ে বড় কম্পন এটি। মাটির ওপর কম্পনের তীব্রতা ছিল অত্যন্ত বেশি।

তিনি বলেন, ‘একজন কাজের লোক আমাকে বললো-গাছপালা যেভাবে দোলে, বিল্ডিং এভাবে দুলছে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

 
ইত্তেফাক/এনটিএম