সারা দেশজুড়ে অনুভূত ভূমিকম্পে ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই শুক্রবার (২১ নভেম্বর) মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। নরসিংদীর মাধবদী এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। আকস্মিক এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। পুরান ঢাকার একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নরসিংদী ও নারায়ণগঞ্জে আরও দুজন প্রাণ হারিয়েছেন।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ মেট্রোরেলের চলাচল বিকেলে শুরু হয় বিকেলে। তাই ভূমিকম্পের সময় কোনো ট্রেন চলছিল না। তবে ঘটনাটির পরই রেললাইন ও স্টেশনগুলো পরীক্ষা করতে মাঠে নামে নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ভূমিকম্পের পরপরই তারা লাইন, স্টেশন ভবনসহ স্থাপনা পরীক্ষা করেছেন। এমনকি কিছু বিয়ারিং প্যাডও ইন্সপেকশন করা হয়। সমস্যা পাওয়া যায়নি। ফলে বিকেলে মেট্রোরেলে যথাসময়ে চলাচল করবে।
চলাচল শুরুর আগে দুই দিক থেকে দুটি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে বলেও জানান ফারুক আহমেদ। আজ মেট্রোরেল চলাচল শুরু হয় দুপুরের পর। উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছাড়ে বেলা ৩টায়, মতিঝিল থেকে ছাড়ে ৩টা ২০ মিনিটে। উত্তরা থেকে রাত ৯টায় শেষ ট্রেনটি ছাড়ে, মতিঝিল থেকে ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।
