একটু পরেই বোনের বিয়ের অনুষ্ঠান। তাই সকালে মোটরসাইকেলে চেপে বোনের বিয়ের বাজার আনতে বের হন টগবগে তরুণ রোহেল (১৯)। কিন্তু বাজার নিয়ে আর ফেরা হলো না; নিথর দেহে ফিরলো রোহেল। পথে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান সে। তার মৃত্যুর খবরে বিয়ে বাড়িতে মুহূর্তেই নেমে আসে বিষাদের ছায়া।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘটেছে এই ঘটনা ঘটে। এই হৃদয় বিদারক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রোহেলের বোন আনিশা মনির বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। বিয়ের সব আয়োজনও এর মধ্যে সম্পন্ন হয়েছে। কিছু বাজার বাকি ছিল। সেগুলো করার জন্য বিয়ের দিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে আড়াইহাজার বাজারে রওনা দেয় রোহেল। পথে তার নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়ায় এলাকায় একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল। ঘটনাস্থলে গুরুতর আহত হন রোহেল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহেলকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ দুপুরের দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনাটি দু:খজনক। বোনের বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার তার বোনের বিয়ের দিনক্ষণ ঠিক ছিল বলে শুনেছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
