কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ২০:৪১

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলসহ দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি ব্যাংকের দায়িত্বে থাকা নাইট গার্ডের নজরে পড়লে তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।   

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ভোর পৌনে ৫টার দিকে ব্যাংকের জানালার সামনে গাছের শুকনা পাতায় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে ব্যাংকের ভেতরে আগুন লাগানোর চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসময় ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড ইসমাইল শেখ আগুনের আলো দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন। তার চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে তিনি নিজেই আগুন নেভান। এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এই অপচেষ্টার সাথে জড়িত—তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তা নথিভুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ব্যাংকের ম্যানেজার শাহজালাল বলেন, ভোরে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা চালায়। নাইট গার্ডের চিৎকারে তারা পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে জানালার সামনে গাছের শুকনা পাতায় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে ব্যাংকের ভেতরে আগুন লাগানোর চেষ্টা করা হয়। পরে নাইটগার্ডের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এপি