দিনাজপুরে যাত্রীবাহী মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (২২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন— সদর উপজেলার কুতইর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), দুই নাতীন সাদিয়া আক্তার (১৫) ও শাম্মী আক্তার (৭) এবং মর্জিনার ভাইয়ের ভাইয়ের স্ত্রী তানজিনা আক্তার (৩৫)।
দুর্ঘটনায় আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
তবে নিহত মর্জিনার শ্বশুর ও ইজিবাইকের যাত্রী মকবুল হোসেন বলেন, পরিবারের সবাইকে নিয়ে আমরা কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। পথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আর কিছু মনে নেই।
ঘটনাস্থলের পাশে থাকা একতা অটো রাইসমিলের কর্মচারী বাবুল হোসেন জানান, বীরগঞ্জ থেকে দিনাজপুরগামী মিনিবাসটির সঙ্গে কাহারোলের কান্তনগরগামী ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়েন এবং বাসটি তাদের চাপা দেয়। স্থানীয়রা ধাওয়া করে বাসটি আটক করেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তানজিনা আক্তার মারা যান।
দিনাজপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম জানান, চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
