বিএনপির শাসনামলই ছিল দেশের জন্য সবচেয়ে নিরাপদ সময় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের আমলে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না।
তিনি বলেন, অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকে না যখন ধর্ম নিয়ে ব্যবসার রাজনীতি চলে। আমরা স্পষ্ট বলছি- বিএনপির আমলে সবাই নিরাপদ ছিল, এখনো নিরাপদ থাকবে, আর সামনেও বাংলাদেশ সত্যিকার নিরাপদ থাকবে।
বিএনপি যে কোনো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকলেও প্রতিপক্ষ বিজয়কে ভয় পেয়ে নির্বাচন এড়িয়ে চলছে বলে জানান তিনি।
বিএনপির এই উপদেষ্টা বলেন, একটি নির্বাচিত সরকার না এলে আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে না। সরকার যদি নির্বাচনের ব্যবস্থা করতেও ব্যর্থ হয়, তাহলে দেশ কোন দিকে যাবে তা অনিশ্চিত, এটা দেশের জন্য শুভ নয়।
তিনি বলেন, আধুনিক সময়ে রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনলাইন প্রোপাগান্ডা, ভুল তথ্য ছড়ানো এবং সংগঠিত অপপ্রচারের বিরুদ্ধে লড়াই রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করছে। সাইবার যুদ্ধে বিজয়ী হতে না পারলে রাজপথের লড়াইয়ে পরাজিত হতে হবে। তাই মিথ্যা প্রপোকাণ্ডের বিরুদ্ধে আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য এটিএম আব্দুল বারী ড্যানি, অধ্যাপক জামাল উদ্দিন রনু, কলামিস্ট জোবায়ের বাবু প্রমুখ।
